IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> খেলা >> রাতভর অটো চালিয়ে বাবার কেনা জুতোয় বাজিমাত

রাতভর অটো চালিয়ে বাবার কেনা জুতোয় বাজিমাত

ধূমকেতু নিউজ ডেস্ক : পারিশ্রমিক বলতে ছিল মাত্র কয়েকশো টাকা। স্থানীয় ম্যাচে ক্রিকেট খেলার সুবাদে ওই সামান্য কিছু অর্থই আসত ঘরে। এদিকে ছেলের ক্রিকেট খেলার ‘বিলাসিতা’ বজায় রাখতে গিয়ে নাভিশ্বাস অটোচালক বাবার পরিবারে।

ছেলেকে ক্রিকেট ছাড়ানোর জন্য একসময় প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন মোহাম্মদ সিরাজের বাবা-মা। কিন্তু যতই তিরস্কৃত হয়েছেন, ততই যেন ক্রিকেটকে আঁকড়ে ধরেছেন ভারতের এই নতুন ডানহাতি পেসার। অভাবের সংসারে অবলম্বন করেছেন ক্রিকেটকেই। পরে অবশ্য ছেলের স্বপ্নপূরণে প্রাণপাত পরিশ্রম করেন সিরাজের বাবা।

ক্রিকেটও অবশ্য দুহাত ভরিয়ে ফিরিয়ে দিয়েছে তাঁকে। ক্রিকেটের হাত ধরেই এসেছে যশ, খ্যাতি ও অর্থ। ৩ বছর আগে আইপিএল নিলামের শিরোনামে ছিলেন সিরাজ। ২০ লাখ টাকা বেসপ্রাইজ থাকা সিরাজকে ২ কোটি ৬০ লাখ টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল নিলামের হাত ধরে অটোচালকের সন্তানের ক্রিকেটের গলি থেকে রাজপথে উঠে আসার কাহিনি ছড়িয়ে পড়ে দ্রুত।

১৯৯৪ সালের ১৩ মার্চ হায়দরাবাদে জন্ম সিরাজের। প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ ২০১৫ সালে। সে বছর হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেন তিনি। পরের বছর রঞ্জিতে তিনিই ছিলেন হাদরাবাদের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি।

রঞ্জি ট্রফি, বিজয় হজারে টুর্নামেন্ট, ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি দল পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৭ সালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন টি-২০ ক্রিকেটে। কিন্তু সেই অভিষেক মধুর ছিল না। রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির অভিষেকে চার ওভারে ৫৭ রান দিয়েছিলেন তিনি।

এরপর কেটে যায় আরও একটি বছর। ২০১৮ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সুযোগ টেস্ট দলে। কিন্তু সে বার একটি টেস্টেও খেলা হয়নি তার। ওয়ানডে ম্যাচে অভিষেক ২০১৯ সালের জানুয়ারিতে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলেন তিনি। কিন্তু সেই অভিজ্ঞতাও ছিল টি-২০ অভিষেকের মতোই তিক্ত।

জীবনের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরাজের ইকনমি রেট ছিল ৭.৬০। বাউন্ডারি খান এক ডজন। তিনটি ওয়াইড বলও করেন। সব মিলিয়ে একেবারেই ভরসা করার মতো পারফরম্যান্স ছিল না।

কিন্তু তার উপর থেকে আস্থা হারাননি দলপতি বিরাট কোহলি। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে সিরাজের হাতে তুলে দিয়েছেন নতুন বল। গত ২১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স-এর হয়ে দুরন্ত বোলিংয়ে ৮ রানে ৩ উইকেট নেন সিরাজ।

তার আগের দিনই হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি হন সিরাজের বাবা। সেই মানসিক প্রতিকূলতার কোনও ছাপ সিরাজের পারফরম্যান্সে ছিল না। তিনি পেশাদারিত্বের সঙ্গে পারফর্ম করেছেন মাঠে।

আরও একবার সেই পেশাদারিত্বের পরীক্ষা দিতে হলো সিডনিতে বসে। ২০২০ সালের অক্টোবরে তিনি ফের সুযোগ পান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। গত ২০ নভেম্বর সিডনিতে অনুশীলনের পর প্রধান কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির কাছে বাবার মৃত্যুর খবর শোনেন সিরাজ। করোনা মহামারীর ফলে কোয়রেন্টাইন নিয়মের কারণে বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি এই ডানহাতি পেসার।

পরে সংবাদ মাধ্যমকে জানান- মনের দিক দিয়ে শক্ত থাকার জন্য তাঁর পাশে ছিলেন প্রধান কোচ এবং অধিনায়ক। তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য মরিয়া ছিলেন সিরাজও। একইসঙ্গে মনের মধ্যে ছিল পরিবারের স্বার্থত্যাগের কথাও।

ক্রিকেটের নেশার জন্য মা বকাবকি করলেও হাল ছাড়তে নারাজ ছিলেন সিরাজের বাবা মোহাম্মদ গাউস। ছেলের স্বপ্নপূরণের জন্য দিনভর কঠোর পরিশ্রম করতেন। অতিরিক্ত ভাড়া খাটতেন যাতে ছেলের ক্রিকেট প্রশিক্ষণ বন্ধ না হয়ে যায়।

টেনিস বলের ক্রিকেটে একাধিক ম্যাচ জেতানোর পরে স্থানীয় কোচিং ক্যাম্পের সেই প্রশিক্ষণে সিরাজকে ভর্তি করে দেন তাঁর বাবা-ই। অর্থাভাবে সেই কোচিং সেন্টারের খরচ চালানোও সম্ভব হত না। কিন্তু ছোটবেলার কোচ কে সাইবাবা খুদে পেসারের প্রতিভা দেখে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে রাজি হয়ে যান।

তাঁদের সকলের অবদান স্মৃতিতে ঘুরপাক খাচ্ছিল বক্সিং ডে-তে জীবনের প্রথম টেস্টে নামার আগে। মনে পড়েছিল, অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় নামার আগে জুতো ছিল না সিরাজের কাছে। অটোচালক বাবা সারা রাত ধরে অটো চালিয়ে প্রথম জুতো কিনে দেন। সেই জুতো পায়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাবার পরিশ্রমকে যথার্থ সম্মান জানান সিরাজ।

বাবার স্বপ্নপূরণের পথেই জানতে পেরেছেন তাঁর চলে যাওয়ার খবর। অস্ট্রেলিয়ার মাটিতেই অজিদের হারিয়ে ভারতের জয়ের অংশীদার হয়েছেন তিনি। কুর্নিশ জানিয়েছেন কাছের মানুষের আত্মত্যাগকে।

একইসঙ্গে নিজেও অংশীদার হয়ে থাকলেন কুর্নিশযোগ্য পারফরম্যান্সের জন্য। প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে ৫ উইকেট নেওয়ার এলিট তালিকায় ঢুকে পড়লেন মোহাম্মদ সিরাজ। শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ২০০৪ সালে অভিষেক ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ায়। সেই ম্যাচে ২ ইনিংস মিলিয়ে তিনি নেন ৬ উইকেট। সিরাজ নিলেন ৫টি।

প্রথম ইনিংসে সিরাজের শিকার ছিলেন মার্নাস লাবুশানে এবং ক্যামরন গ্রিন। দ্বিতীয় ইনিংসে সিরাজ তুলে নেন ট্রাভিস হেড, গ্রিন এবং নাথান লায়নের উইকেট।

মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব মাত্র ৩.৩ ওভার বোলিং করে মাঠ ছাড়তে বাধ্য হন। তখন ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব এসে পড়ে বুমরাহ এবং সিরাজের ওপর। তাঁদের গতি ও নৈপুণ্যই ভারতের জয়ের অন্যতম কারিগর।

২৬ বছরের টগবগে যুবক সিরাজ জানিয়েছেন, আইপিএল-এর সাফল্যই জাতীয় দলে খেলার আত্মবিশ্বাস দিয়েছে তাঁকে।

ছোটবেলায় ভাল জুতো কেনার সামর্থ্য ছিল না। সেই অতীতটা সঙ্গে নিয়েই এখন আরও শক্ত করে বাঁধছেন দামি জুতোর ফিতে। ভবিষ্যতে আরও অনেক দূর যেতে চান হায়দরাবাদের এই তরুণ তুর্কি। সূত্র- জিনিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news