ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রম খাতের আরও উন্নয়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, দক্ষতার সমন্বয়ে ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) কর্মকর্তাদের প্রথমবারের মতো বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স- এসএফটিসি’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, কলকারখানায় শ্রম পরিদর্শনকে আরও জোরদার করতে হবে। প্রশিক্ষিত কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে আরও দায়িত্বশীল হতে হবে। শ্রম পরিদর্শনে যেকোনো ত্রুটি অনেক সময় কারখানার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শ্রম পরিদর্শকগণকে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস আবু মমতাজ সাদউদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিয়াইনেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ এবং আরপিএটিসির উপ-পরিচালক সাব্বির আহমেদ এবং দুজন প্রশিক্ষণার্থী বক্তব্য দেন।


