ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর দারুস সালাম এলাকায় প্রায় ২২ লাখ টাকার রেসার কবুতরসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে ৩২টি চুরি হওয়া রেসার কবুতরসহ সোহেল রানা ও হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
শনিবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মো. মোস্তাজিরুর রহমান বলেন, মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়।
তিনি আরও বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য বাদীর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সেই ব্যক্তির ওপর সন্দেহের তীর ছুড়ে এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরি যাওয়ার বিষয়টি। এরপর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। এসময় সোহেল রানা ও হাবিবুর রহমানকে আটক করা হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।


