ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম (৩৮) মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা থেকে ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়িতে এসেছিলেন। সকালে কাজে যোগ দিতে বাড়ি থেকে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হন। মহিপুর থেকে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় কভার্ডভ্যানটির চাকা তার মাথা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


