ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত কিন গ্যাংকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী কিন। ৬৯ বছর বয়সী ওয়াংকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) উচ্চ ক্ষমতার রাজনৈতিক ব্যুরোতে উন্নীত করা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনয়িং টুইট করেছেন, চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিনের নিয়োগের বিষয়টি জানান।
এদিকে কিন অবিলম্বে এই পদটি গ্রহণ করবেন কিনা তা স্পষ্ট নয়। কারণ আগামী বছরের ৫ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের বার্ষিক অধিবেশনে নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীসভা দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।
কয়েক বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্বও পালন করেন কিন। এছাড়াও গত ১০ বছরে শির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তার সমস্ত বিদেশ সফরে সঙ্গে ছিলেন।
২০১৮ সাল থেকে ২০২১ বছর নাগাদ উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন কিন। এরপর ২০২১ সাল থেকে ওয়াশিংটনে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
তিনি ইতিমধ্যে সিপিসির প্রভাবশালী কেন্দ্রীয় কমিটিতে এবং ওয়াং এর সাথে যুক্ত হয়েছেন। আগামী পাঁচ বছরে চীনের কূটনীতি গঠনে কিন প্রধান ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
কিন ভারত-চীন সীমান্ত ব্যবস্থার জন্য বিশেষ প্রতিনিধি হিসাবে ওয়াংয়ের উত্তরসূরিও হতে পারেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বর্তমানে ভারতের বিশেষ প্রতিনিধি।
‘নেকড়ে যোদ্ধা’ উপাধি পাওয়া কিন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে জন্মগ্রহণ করেন। পশ্চিমা শত্রু দেশগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানানো চীনা কূটনীতিকদের বিশেষ এই উপাধি দেয়া হয়।
সূত্র: এনডিটিভি


