ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ছিনতাইকালে ২ যুবককে আটক করা হয়েছে। উপজেলার ডাকরা পাগলপাড়া এলাকায় বুধবার ভোররাতে ছিনতাই করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয় তারা। আটকৃতরা হলেন, রাজশাহী মহানগরের নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার হাকিমের ছেলে জয় (২৪) ও চারঘাটের বাদুড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মনি (২৮) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ডাকরা এলাকার জনৈক মাছ ব্যবসায়ি মাহাবুর রহমান মাছ কিনতে যাওয়ার উদ্দ্যেশে নিজ বাড়ী থেকে বের হয়। এসময় ভায়ালক্ষিপুর ইউনিয়নের পাগলপাড়া নামক স্থানে পৌছলে দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাহাবুর রহমানের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হলে দুই ছিনতাইকারীকে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুই ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। পরে চারঘাট থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ গিয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিম মাছ ব্যবসায়ী মাহবুর রহমান বাদী হয়ে দুই ছিনতাইকারী আসামী করে মামলা দায়ের করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী ২ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


