ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁ- ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আপিলে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এ আসনে ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন পারভেজ আরেফিন সিদ্দিকী। তবে দলটি ওই আসনে মনোনয়ন দেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুলকে। দলীয় মনোনয়ন না পাওয়ায় পারভেজ আরেফিন সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাবা প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী ছিলেন জাতীয় সংবদেও সাবেক ডেপুটি স্পিকার এবং এ আসন থেকে বিএনপি দলীয় পরপর চারবারের নির্বাচিত সংসদ সদস্য। প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়া পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে।
৪ জানুয়ারি নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আমার প্রার্থিতা অন্যায়ভাবে বাতিল করেছিলেন।
অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি আমার প্রার্থিতা ফিরে পেয়েছি।’ মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৪ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক ভোটার তালিকায় গরমিল পাওয়ার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন পারভেজ আরেফিন সিদ্দিকী। আপিলের শুনানি শেষে গত বুধবার বিকেলে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।#


