ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নদীতীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তেলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় হাতুড় ইউপির দেওয়ানপুর মৌজায় খননযন্ত্র (ভেকু) ব্যবহার করে ফসলী জমি থেকে মাটি উত্তোলনের সময় সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) ধারায় খননযন্ত্র (ভেকুর) মালিক পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলামের ৫০ হাজার টাকা এবং জমির মালিক মহাদেবপুর উপজেলার নসিরপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ইমাম আলী রেজার ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, ফসলী জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#


