ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকা ও জাতির মঙ্গলার্থে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম বৃন্দাবনপাড়া স্বর্গীয় মধুসুধন গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৬ মার্চ) শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বুধবার ৩০ মার্চ দধিমঙ্গল অন্তে এই যজ্ঞানুষ্ঠান শেষ হবে।
উক্ত হরিনাম সংকীর্তনে মধুর হরিনাম সুধা পরিবেশন করছেন- শ্রী হরি ঠাকুর সম্প্রদায়, সৎ সংঘ সম্প্রদায়, আদি গৌর সম্প্রদায়, নববৃন্দাবন সম্প্রদায় ও বিষ্ণু মন্দির সম্প্রদায়। এছাড়া কুঞ্জুভঙ্গ পরিবেশন করবেন শ্রী গুরু চরণ সম্প্রদায়ের শ্রীমতি বাসনা রাণী মহন্ত।
এ বিষয়ে জানতে চাইলে ৬নং দাশগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোতি বসু সরকার বলেন, আমরা বিশ্বাস করি কালিযুগে জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এবার আমাদের ২৪ তম অধিবেসন চলছে। এ যজ্ঞানুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হয়।
দাশগ্রাম বৃন্দাবনপাড়া রাধা-গোবিন্দ মন্দির কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক বাসুদেব চন্দ্র বলেন. স্বর্গীয় মধুসুধন গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। সেই থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


