ধূমকেতু প্রতিবেদক, পোরশা : ভারতে বিজেপি সরকারের দুইজন মূখপাত্র কতৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ)কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
পাঁচশতাধীক ধর্মপ্রাণ মুসলিম জনতার অংশ গ্রহণে মিছিলটি পোরশা বাজার চত্বর থেকে বের হয়ে সুতরইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন ইসলামী আন্দোলন পোরশা উপজেলা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী।
পরে সুতরইল মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন পোরশা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, দারুন নাঈম মাদ্রাসার মোহতামিম মাওঃ ফজলুল হক শাহ্ চৌধুরী ও কেরাতুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওঃ ওমর আলী।
সমাবেশে বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী ভারতের বিজেপি’র দুই মূখপাত্র নুপুর শর্মা ও নাভিন জিনদালের বিচারের দাবি জানান।


