ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জাতীয় সংসদ নির্বাচনের আগে মতবিনিময়ের নামে সরকারের সামাজিক নিরাপত্তার উপকারভোগীদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। তিনি ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য।
বুধবার (১২ জুলাই) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা বদলগাছী উপজেলার ভান্ডারপুর উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতায় উপকারভোগীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে। কোলা ইউনিয়ন পরিষদ এ মতবিনিময়সভা করে। বিকেল ৪ টা থেকে এ মতবিনিময়সভা চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। এতে সামাজিক নিরাপত্তার হাজারো উপকারভোগী অংশ গ্রহণ করেন।
কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম ওরফে স্বপন সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, কোলা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
বিকেল সাড়ে ৫টায় ভান্ডারপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, মতবিনিময়সভার মঞ্চের সামনে সামাজিক নিরাপত্তার উপকারভোগী নারী-পুরুষেরা চেয়ারে বসে আছেন। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু মাইকে বক্তব্যে দিচ্ছেলেন। তাঁর বক্তব্যে শেষ হওয়ার পর মতবিনিময়সভার প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম বক্তব্য দেন।
মতবিনিময়সভায় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সামাজিক সুরক্ষা দিতে ভাতার ব্যবস্থা করেছেন। এই ইউনিয়নে পাঁচ হাজারের বেশি সামাজিক নিরাপত্তার ভাতা ভোগী রয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। আপনাদের সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।
সংসদ সদস্য আরও বলেন, এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নৌকার মাঝি দিবেন। যারা ছোট যমুনা নদীতে নামার আগেই অ্যাকসিডেন্ট করবেন এমন কাউকে জননেত্রী নৌকার মাঝি বানাবেন না। কাজেই চিন্তার কোন কারণ নেই। আপনারা যাঁরা উপকারভোগী রয়েছেন তাঁদের প্রতিটি পরিবারে ৪-৫ জন সদস্য রয়েছে। এসব উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ভোট দিলে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
মতবিনিময়সভায় উপস্থিত থাকা ১০-১২ জন বয়স্ক ও বিধবাভাতার উপকারভোগীরা জানান, ইউপির মেম্বার, ওয়ার্ডের নেতারা তাঁদের এমপির মতবিনিময়সভায় আসতে বলেছিলেন। একারণে আমরা এখানে এসেছি।
জানতে চাইলে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, কোলা ইউনিয়নে ৫ হাজার ৭৮৬ জন সামাজিক নিরাপত্তার উপকারভোগী রয়েছেন। এরমধ্যে প্রায় সাড়ে তিন হাজারের মতো উপকারভোগী এই মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।


