ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে এ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে একটি টহলদল অভিযান চালায়। এ সময় মানব পাচারকারী মোঃ শাহিনসহ মোট চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামের
এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, একই জেলার শিবগঞ্জ উপজেলার চককৃতি ইউনিয়নের লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার আসাম কলনী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের
মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর ও তৎপর রয়েছে।


