ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জেনারেল হাসপাতালে দুজনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিন হাসপাতালের ফোকালপারসন।
ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনার ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন, এর মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
অন্যদিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। তার মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।


