ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আম বাগানের ভিতর দিয়ে গরু আনতে নিষেধ করায় প্রতিপক্ষের মারপিতে আহত হয়েছেন বৃদ্ধ শমসের আলী (৯০), তার স্ত্রী আমেনা খাতুন (৮০), ছেলে হারুনুর রশিদ ও নাতি আব্দুল আওয়াল।
এ ঘটনায় আহত হারুনুর রশিদ ৭জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেয়ার সপ্তাহ হতে চললেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
মহাদেবপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর পাগলাপাড়ার মৃত ছয়ফুদ্দিনের পুত্র রেজাউল বাদীর আম বাগানের ভিতর দিয়ে গরু নিয়ে আসছিল। এসময় বাদীর ছেলে আব্দুল আওয়াল তাকে বাগানের ভিতর দিয়ে গরু আনতে নিষেধ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই গ্রামেরই অভিযুক্ত রেজাউল, মাওলানা তমিজ উদ্দীনের পুত্র ওবাইদুল্লাহ, মৃত ছয়ফুদ্দিনের পুত্র আব্দুল মান্নান, আব্দুস সালাম, রেজাউলের স্ত্রী কৌলি বেগম, আব্দুল মান্নানের স্ত্রী নাসরিন বেগম, আব্দুস সালামের স্ত্রী মোছাঃ ছাবিনা বেগম দলবদ্ধভাবে বৃদ্ধ শমসের আলীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বেধড়ক মারপিট, জিনিসপত্র ভাঙচুর ও ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ শমসের আলীর চোখের উপরে কেটে যায় এবং তার স্ত্রীর মাথার পিছনের অংশ কেটে যায়। বাদীর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে প্রতিবেশীরা আহত শমসের আলী, আমেনা খাতুন, হারুনুর রশিদ ও আব্দুল আওয়ালকে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে করোনার কারণে ভর্তি না নিয়ে আমেনা খাতুনের মাথায় তিনটি শেলাই, শমসের আলীর চোখের উপরে ব্যান্ডেজসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
অভিযোগকারী হারুনুর রশিদ জানান, ২ জুলাই মারপিটের পর থানায় অভিযোগ দেয়ার পরেও সেটি মামলা হিসেবে রেকর্ডও হয়নি। কাউকে আটক বা জিজ্ঞাসাবাদও করেনি। এমনকি তারা তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
মহাদেবপুর থানার অফিসার উনচার্জ আজম উদ্দীন মাহমুদ এর সাথে যোগাযোগ করা হয়ে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


