ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১১ জন মারা গেছেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৪ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জনই ময়মনসিংহ জেলার। অন্যজন গাজীপুরের বাসিন্দা।
ডা. মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে ১৮ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।
এদিকে, জেলায় এক দিনে ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।


