ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার সকালে ব্যবসায়িক কাজে তিনি স্থানীয় বাজারে যান। তাঁর স্ত্রীও সাংসারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। ঘরের ভেতর হঠাৎ করেই ধোঁয়ার কুন্ডলি দেখে আগুনের বিষয়টি টের পান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মিদের চেষ্টায় আগুন নিয়স্ত্রণ করা সম্ভব হয়েছে। আগুনে ফ্রিজ, টেলিভিশন, জমির কাগজপত্রসহ তাঁর বসতঘরের সমুদ্বয় মালামাল পুড়ে গেছে।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বসতবাড়ির দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।


