ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় গুরুদাসপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, পৌর মেয়রসহ সরকারি বেসরকারি সংস্থা পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিসদ মিলনায়তনে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা অবুঝ শিশু রাসেলকে হত্যা করে বাংলার বুক থেকে জাতির পিতার বংশ পরিচয় নিচিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু রাসেলের মৃত্যু হয়নি শিশু কিশোরদের অন্তরে আজীবন বেঁচে থাকবে রাসেল।
পরে শেখ রাসেলসহ জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


