ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুর নাম রিফাত হোসেন (৪)। সে উপজেলার পরানপুর ইউনিয়নের জিউল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে ছেলে রিফাত হোসেন হঠাৎ করেই নিরুদ্দেশ হয়। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় প্রতিবেশিরা রিফাতের মরদেহ ভাসতে দেখে খবর দেন।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যু হয়ে থাকতে পারে। সন্দেহজনক কিছু না থাকায় লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।


