ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যে গত কয়েক বছর ধরে রাশিয়ার দিকে ঝুঁকে আছেন, সেটা কার না জানা। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার খাতির নিয়ে কম আলোচনা হয় না। এতে সঙ্গত কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কে ভাটা পড়েছে।
ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্টের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো থাকবে না- এটা কি হয়। এবার যুক্তরাষ্ট্রকেও খুশি রাখতে উদ্যোগ নিচ্ছেন এরদোয়ান। সেটা কেমন- একটু জেনে নেয়া যাক।
সংঘাতের মূলে ছিল অস্ত্র কেনাবেচা ও প্রতিরক্ষা। রাশিয়ার কাছ থেকে সম্প্রতি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা) কিনছে তুরস্ক। এ কারণে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে পারে।
যুক্তরাষ্ট্র বিমান বিক্রি করতে পারে- এ পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘এফ-৩৫ কেনার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে ১৪০ কোটি ডলার দিয়েছি। এখন যুক্তরাষ্ট্র আমাদের কাছে এফ-১৬ বিক্রির প্রস্তাব দিয়েছে। আমরা বলেছি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যা প্রয়োজন আমরা সেটাই নেব।’
তুরস্ক সরকার রাশিয়ার কাছ থেকে এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। দুই দেশই ন্যাটোতে আছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তুরস্ক যেন রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র না কেনে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেটের উপর নিষেধাজ্ঞাও জারি করে যুক্তরাষ্ট্র।
গত মাসে এরদোয়ান বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে এস ৪০০ ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা করছে তুরস্ক। সিবিএস নিউজকে এরদোয়ান বলেছিলেন, ‘ভবিষ্যতে আমরা কী ডিফেন্স সিস্টেম কিনব, তা নিয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না।’
তার এ বক্তব্য স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে। এবার তিনি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি তাকে এ বিমান দিতে রাজি হবে?
সোমবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসন তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে চাইলে বাধা দিতে পারে মার্কিন কংগ্রেস। সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান বব মেনেন্ডেজ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির বিরোধী। বিশেষ করে তারা রাশিয়ার কাছ থেকে ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নেয়ার পর। তা ছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান কয়েকজন সেনেটরও ববের সঙ্গে এ বিষয়ে একমত।
এ কারণে রাশিয়ার সঙ্গে খাতির রাখলেও যুক্তরাষ্ট্রে সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন না এরদোয়ান। উভয় কূল রাখতে চান তিনি। এভাবে দুই প্রতিদ্বন্দ্বীকে কি খুশি রাখা সম্ভব?


