ধূমকেতু নিউজ ডেস্ক : জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দায়বদ্ধ থাকতে চায় বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ক্রাউড ফান্ডিং বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এনসিপি জনগণের কাছ থেকে পাওয়া অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে।
নিজের ও দলের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তার বিরুদ্ধে উঠা কোনো অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত বলেও জানান আসিফ মাহমুদ।
এসময় চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক কালচার ভেঙে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এনসিপির লক্ষ্য বলে দাবি করেন সাবেক এ উপদেষ্টা।


