ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন কারা বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। বর্তমানে এই কারাগারে প্রায় এক হাজার জন বন্দি রয়েছেন। তার মধ্যে ৬০ জন ভোট দিচ্ছেন।
কুষ্টিয়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ৬০ জন সাজাপ্রাপ্ত আসামি ইতিমধ্যে নিবন্ধন করেছেন। অন্যরা নিবন্ধন করেননি। এজন্য ৬০ জন ভোটের সুযোগ পাচ্ছেন।
কুষ্টিয়ার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা সবাই সাজাপ্রাপ্ত আসামি। এই কারাগারে ধারণক্ষমতা ৬০০ থাকলেও বর্তমানে প্রায় এক হাজার বন্দি রয়েছেন।
এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থীরা হলেন রেজা আহামেদ বিএনপি, বেলাল উদ্দিন জামায়াতে ইসলামী, মোহা. বদিরুজ্জামান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমিনুল ইসলাম-ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাহাবুল ইসলাম গণঅধিকার পরিষদ, শাহরিয়ার জামিল জাতীয় পার্টি ও গিয়াস উদ্দিন জেএসডি।
এই আসনে বিএনপি নেতা (দৌলতপুর উপজেলার সাবেক সহ সভাপতি) নুরুজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতীক পেয়েছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রার্থীরা হলেন প্রার্থীরা হলেন রাগীব রউফ চৌধুরী বিএনপি, আব্দুল গফুর জামায়াতে ইসলামী, নুর উদ্দিন আহমেদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাবুল আক্তার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থীরা হলেন জাকির হোসেন সরকার বিএনপি, মুফতি আমীর হামজা জামায়াতে ইসলামী, মীর নাজমুল ইসলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, মোছা: রুমপা খাতুন বাংলাদেশ রিপাবলিকান পার্টি, মোহা. শরিফুল ইসলাম গণঅধিকার পরিষদ এবং আব্দুল্লাহ আখন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে প্রার্থীরা হলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিএনপি, আফজাল হোসেন জামায়াত ইসলামী, আনোয়ার খাঁন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তরুণ কুমার ঘোষ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, আব্দুল হাকিম মিয়া গণফোরাম এবং শহিদুল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলায় হালনাগাদকৃত মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ২৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে ৩ লাখ ৯৯হাজার ৮৪৩, কুষ্টিয়া-২ আসনে ৪ লাখ ৭২ হাজার ৭২৭, কুষ্টিয়া-৩ আসনে ৪ লাখ ৩৫ হাজার ৩৬০ এবং কুষ্টিয়া-৪ আসনে ৪ লাখ ১৯ হাজার ৪০৪ জন ভোটার রয়েছেন।


