ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।
গণতন্ত্রের মুখোস পড়া এই দলটি ক্ষমতায় যাওয়ার জন্যে গনতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। তারা ক্ষমতায় গেলে হাওয়া ভবনের লুটপাট শুরু করবে, দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশে রক্তের বন্যা বইয়ে দেবে, জীবনের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরী করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমানবিক ক্লাবের সদস্য, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে, নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ অসংখ্য মেগা প্রকল্প।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে দলীয় শৃংখলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে। দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাড় করাচ্ছেন, বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।
দলীয় আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, আদর্শ না থাকলে আওয়ামী লীগের কিছুই থাকেনা। তাই ত্যাগী আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করুন। আত্মত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সম্মেলন উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রধান বক্তার বক্তব্য রাখেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হবে। নির্বাচনে ৪৭৪ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।


