ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আগামী ২৩ ডিসেম্বর বাঘা উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলো প্রায় দেড় ডজন নেতা। এর মধ্যে থেকে তিনজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকার মাঝি হিসাবে যাদেরকে মনোনয়ন পত্র দেয়া হয়েছে। তারা হলেন, আড়ানী ইউনিয়নে রফিকুল ইসলাম (রফিক), বাউসায় শফিকুর রহমান (শফিক) ও চকরাজাপুর ইউনিয়নে বাবলু দেওয়ানকে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করেন। প্রতিনিধি বাছাইয়ের এই প্রক্রিয়াকে নির্বাচন বলা হয়। বর্তমানে দেশের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ ডিসেম্বর ২০২১ বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন যথাক্রমে-আড়ানী,বাউসা এবং চকরাজাপুরে অনুষ্টিত হবে ইউপি নির্বাচন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পাওয়ার আসায় বাঘার তিন ইউনিয়ন থেকে প্রায় দেড় ডজন নেতা দলীয় ফরম উত্তোলন করে ছিলেন। তবে সকল জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী গত বছর যারা দলীয় মনোনয়ন পেয়ে ছিলেন, এবারও তাদেরকেই মনোনীত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বলেন, বাঘার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মনোনয়ন দাখিল, ২৯ নভেম্বর মনোনয়ন বাছাই, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপর অত্যান্ত কঠোর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন।


