ধূমকেতু প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী পরিচয় সংস্কৃতি সংসদ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে। তারই সমাপনী আয়োজন ছিলো রোববার (২৭ মার্চ)। সে উপলক্ষে রাজশাহীস্থ পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে পরিচয়ের ২০৪তম মাসিক সাহিত্যসভা এবং স্বাধীনতার সাহিত্যপাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরিচয়ের অন্যতম উপদেষ্টা কথাশিল্পী দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিচয়ের অন্যতম উপদেষ্টা ও অ্যালবাম পত্রিকার সম্পাদক কবি মনজু রহমান, পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, পরিচয়ের অন্যতম পৃষ্ঠপোষক প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী, অনির্বাণ সম্পাদক কবি জামাল দ্বীন সুমন, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাহিত্য পত্রিকা ‘ছায়া’ সম্পাদক কবি সোহেল মাহবুব প্রমুখ।
বক্তাগণ বলেন, ত্যাগের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্রসমেত পতাকা অর্জিত হয়েছে। এখন সময় দেশ গড়ার। এ মুক্তিযুদ্ধে সততার সাথে কাজ করা জরুরী। লেখকরা জাতির বিবেক। তাই লেখকদের নির্মোহভাবে দেশের কল্যাণে কলম চালিয়ে যেতে হবে।
কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখা পাঠ করেন, কবি এরফান আলী এনাফ, সাবের রাহী, আমীর উল রুমী, হাসিনা বিশ্বাস, শেখ তৈমুর আলম, রতন ভট্টাচার্য্য, তৌফিক মুহাম্মদ, ইমরান আজিম, সোহেল রানা জীবন, মোস্তফা ফেরদৌস হাজরা প্রমুখ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং মহামূল্যবান বই তুলে দেয়া হয়।
পুরস্কার প্রাপ্ত বাচিকশিল্পীগণ হচ্ছেন মিজানুর রহমান প্রথম ড. মুহাম্মদ মনিরুল হক দ্বিতীয়, আবদুর রাজ্জাক রিপন তৃতীয় এবং বিশেষ পুরস্কারে সমাদৃত হন যথাক্রমে মানুর রশিদ, মনির উজ জামান, আবদুল্লাহ আল মাহমুদ।


