ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার রাত পৌনে ১০ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক এলাকার মৃত সইবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৫০) ও কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুন পাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি (৩০)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কামরুল ও রনিকে গ্রেপ্তার করে। যার মূল্য আনুমানিক ০৪ কেটি ১৮ লক্ষ টাকা। এসময় তাদের কাছে থানা ০৩ টি মোবাইল ফোন ও ০৬ টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


