ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চোরাই কম্পিউটার সরঞ্জামাদিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় দুইটি এলইডি মনিটরসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কমপিউটার ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, নগরীর মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড়ের বাবর আলীর ছেলে রকিউল রকি (২৫)।
শনিবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রবেশ গেটের সামনে রকিউল রকিকে আটক করে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে দুইটি এলইডি মনিটরসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়। গ্রেপ্তার রকিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কম্পিউটার সরঞ্জামাদিগুলোর বিষয়ে কোন তথ্য দিতে না পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


