ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় তৈরী পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) সহ ২ ভাইকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর মোহনপুর থানা দর্শনপাড়ার আমরুল হকের ছেলে মিলন রানা (২৮) ও রায়হান আলী (২৩)।
পুলিশ জানায়, রাজশাহীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ শাহ ও এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই (নিঃ) মোস্তাফিজার রহমান, এসআই উত্তম কুমারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এস. এ পরিবহনে গিয়ে ভৈরব থেকে আসা ১১ টি বস্তায় কি আছে জানতে চাইলে এস.এ পরিবহনের পার্শ্বেল সহকারি সাহাদাত (৩৫) জানায়, বস্তা গুলো না খুলে কিছুই বলা যাচ্ছে না। পরবর্তীতে রোববার (১৮ জুলাই) সকাল ৯ টার দিকে মোহনপুর থানার কেশরহাট পৌরসভার দর্শনপাড়া এলাকা হতে আসামী মিলন ও রায়হানকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে কুমারপাড়া এস.এ পরিবহন অফিসে নিয়ে এসে তাদের উপস্থিতিতে ১১ টি প্লাষ্টিকের বস্তায় ২,৩৫,৬০০ টাকা মূল্যের ৩,৫৭,০০০ (তিন লক্ষ সাতান্ত হাজার) হাজার পিস ভারতীয় পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মালামালের কোন প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। গ্রেপ্তারকৃত আসামীরাসহ পলাতক আসামী রায়হান ও অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীরা একটি সংঘবদ্ধ চোরাকারবারী গ্রæপের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


