ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম আসাদুল ইসলাম (২৪) নগরীর বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।
এবিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিকেলে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শবর্তী রেল ক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়ে। এতে তিনি কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানান তিনি।


