ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাবিব রহমান (২৬), পিতা-মৃত হাকিম শাহ, সাং-মোহাম্মদপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) দুপুর দেড় টার দিকে বাগমারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উক্ত প্রতারককে গ্রেপ্তার করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আব্দুল হাই, পিতা- জাফর হোসেন, সাং-সাইধাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী নামক এক প্রার্থীকে গ্রেপ্তারকৃত হাবিব পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখায় এবং চাকরি হলে তাকে নয় লক্ষ টাকা দিতে হবে মর্মে চুক্তি করে। প্রতারক হাবিব প্রার্থী আব্দুল হাই এর নিকট হতে কৌশলে ব্যাংকের চেকের দুটি পাতা এবং একশত টাকা মূল্যের তিনটি ননজুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প নেয়। এছাড়া পুলিশ নিয়োগ পরীক্ষার আগে হাবিব প্রার্থী আব্দুল হাই এর নিকট হতে নগদ সাতান্ন হাজার টাকা গ্রহণ করে।
তিনি আর জানান, পরবর্তীতে আব্দুল হাই নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হলে তিনি হাবিবের নিকট উক্ত টাকা, ব্যাংকের চেক ও স্ট্যাম্প ফেরত চান। তখন হাবিব তা ফেরত না দেয়ার জন্য তালবাহানা শুরু করে ও আব্দুল হাইকে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। এ বিষয়ে বাগমারা থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়েছে। হাবিবকে গ্রেপ্তারের পাশাপাশি তার নিকট থেকে উক্ত টাকা, ব্যাংকের চেকের পাতা এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।


