ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী নির্বাচনে যদি আমরা দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে রাজশাহী মহানগরের ৫০ হাজার ভাই-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর আগেও যখন আমি দায়িত্বে ছিলাম তখন এই নগরের ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম।
গতকাল সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি, শাহমখদুম থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিনু আরো বলেন, আগামী দিনে এখানে আমরা বিশেষ করে কম্পিউটার সায়েন্সসহ সকল পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সিল্ক ইন্ড্রাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের এই জেনারেশনের যারা ব্যবসা করতে চায় তারা এগিয়ে আসবে। আগামী শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আল্লাহ যেন আমাদের কামিয়াবি করে দেন।
তিনি আরো বলেন, রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে তার সব আপনাদের অবদান। এর সবচেয়ে বড় অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা এখন অসুস্থ। তিনি আমাদের মা। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও দেশের সার্বিক উন্নয়নে তিনি যেন আগের মতো ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি হচ্ছে কৃষি। সেই কৃষকরা ভাইয়েরা যাতে সার ও বীজসহ প্রয়োজনীয় উপকরণ ঠিকভাবে পায় সেই ব্যবস্থা করা হবে। যাতে তারা সোনালী ফসল ফলিয়ে নিজে লাভভান হওয়ার পাশপাশি অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। আবারও আমরা দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি (উত্তর) এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি (উত্তর) আহবায়ক মোহাম্মদ আনসার আলী। এ ছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


