ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১০পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ এবং ২৫পরিবারকে খাবার সামগ্রী দিয়ে সহায়তা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫মার্চ দিবাগত রাত সাড়ে ৯টায় ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রত্যেকে নগদ ৩ হাজার টাকা, ১ বান্ডিল করে ঢেউটিন, একটি করে কম্বল এবং আংশিক ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারকে শুকনা খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার গুলি বিতরণ করেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এসময় এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #




