ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় প্রতিপক্ষের জায়জায় ছাগল যাওয়াকে কেন্দ্র একটি ছাগলকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মৃত ছাগলটি সঙ্গে নিয়ে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী গৃহিণী ফাতেমা বেগম। শনিবার(০৪ এপ্রিল) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
৫ এপ্রিল দুপুর আড়াই টায় পর ভুক্তভোগী ফাতেমা বেগম ভ্যানে করে একটি মরা মা ছাগল ও তার বাচ্চা নিয়ে বিচার চেয়ে ইউএনও অফিসে হাজির হয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের বাচ্চু সরদারের ছেলে আব্দুর রশীদ। তিনি বদলগাছী উপজেলা পরিষদে অফিস সহায়ক পদে চাকুরী করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের একটি ছাগল একই এলাকার স্থানীয় উপজেলা পরিষদের অফিস সহায়ক আব্দুর রশীদের জায়গায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশীদ ছাগলটির পেটে লাথি মারেন। পরে গুরুতর আহত অবস্থায় ছাগলটি মারা যায়। এর দুদিন আগে ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে।
এ ঘটনায় ফাতেমা বেগম মৃত ছাগলটি সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন এবং বিচার দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, “আমার ছাগলটিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এতে আমার বড় ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। পরে তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,ফাতেমার পরিবারের সাথে আমাদের জমিজমা নিয়ে গন্ডগোল আছে। আমি তার ছাগল কে লাথি মারিনি। তার ছাগলটি বাচ্চা প্রসব করার পর ফুল আটকে গেছিলো। ডাক্তার এসে ফুল পরার পর পেট ফুলে ওঠে মারা যায়। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে ফাতেমা।
স্থানীয় নজরুল ইসলাম নামে একই এলাকার এক ব্যক্তি জানান,তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ আছে এ কথা সত্য। তবে গতকাল যে জমি নিয়ে গন্ডগোল সেখানে আব্দুর রশীদ আগাছা পরিষ্কার করার সময় ছাগল কে লাথি মারার ঘটনা ঘটে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
এলাকার গ্রাম্য পশু ডাক্তার রেজাউল ইসলামের এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমাকে ছাগলের চিকিৎসার জন্য ডাকা হয়। গিয়ে দেখি ছাগলের শরীরে তাপমাত্রা কমে গেছে,একেবারে শূন্যের ঘরে। আমি বলেছি আমার দারা এই ছাগলের চিকিৎসা সম্ভব নয়। আপনারা অন্য কাউকে দেখান। এরপর আমি চলে আসছি,পরে শুনলাম ছাগলটি মারা গেছে।”
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, বিষয়টি শুনেছি,এখনো অভিযোগ হাতে পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ হয় নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




