ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, জেলা জজ কোটের সাবেক পিপি ও নওগাঁ আইন কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট সুলতান মাহমুদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সোমবার (৫ জুলাই) সকালে তার গ্রামের বাড়ি উপজেলার খিরশিন নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলেন ৮১ বছর।
জেলা বিএনপির সদস্য ও সুলতান মাহমুদ চৌধুরীর ভাতিজা খাজা নাজিবুল্লাহ চৌধুরী নিশ্চিত করে জানান, আজ সকালে বার্ধক্যজনিত কারণে সুলতান মাহমুদের মৃত্যু হয়৷ বর্ণাঢ্য জীবনে একজন আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে গেছেন তিনি। নওগাঁ জর্জ কোর্টের গর্বিত ও সফল পিপি ছিলেন।
রাজনৈতিক জীবনেও ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন ও জনপ্রিয়। তিনি নওগাঁ জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সুলতান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।



