ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর হাসান মারফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশু শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নে পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনর ছেলে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর কল্যানিজোলা আম বাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশু আলী হাসান মারফত (১১)। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরীর জোবায়ের আহমেদ জানান, সকালে আম বাগানে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছ।
নিহতের চাচা আকবর হোসেন জানান, লাশটি তাঁর নিখোঁজ ভাতিজা আলী হাসান মারফতে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।


