ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর যক্ষ্মা নিরোধে জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে চারটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি নাটোর জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, হাঁচি, কাশি, থুথু ইত্যাদির মাধ্যমে জীবানু বাতাসে ছড়িয়ে যক্ষ্মা রোগের সংক্রমণ ঘটায়। অধিক সময় ধরে কাশি, বিকেলে বা রাতে জ্বর এবং ঘেমে জ্বর ছেড়ে যাওয়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, শরীর ক্রমশ দূর্বল হওয়া, বুকে অথবা পিঠের উপরের অংশে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি যক্ষ্মার উপসর্গ। নিয়ম মেনে ছয় মাস ওষুধ খেলে যক্ষ্মা নিরাময়যোগ্য। সরকারি হাসপাতালে বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা এবং ওষুধ দেওয়া হয়। তবে রোগী প্রতিদিন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবকের উপস্থিতি এবং সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে ‘ডটস্’ পদ্ধতিতে যক্ষ্মা ওষুধ সেবন সুফল পাওয়া যায়। বিগত ২০২২ সালে নাটোর জেলায় ৩২ হাজার ৮৭৬ ব্যাক্তির পরীক্ষার মাধ্যমে দুই হাজার ৪১৫ ব্যক্তির যক্ষ্মা শনাক্ত হয়।
এর মধ্যে ৯৪০ ব্যক্তি চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন এবং বর্তমানে এক হাজার ৪৭৫ ব্যক্তি চিকিৎসাধীন আছেন বলে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, বক্ষ ব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ আজিজা সুলতানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রাসেল।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমান চিনু।


