ধূমকেতু প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। এ উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি এলাকায় শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জজ কোর্টের জেষ্ঠ্য আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ।
স্বাধীনতা দিবসে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের তার দেখা রক্তাক্ত ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা করেন। এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কেও তরুণ প্রজন্মকে জানান।

বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ।
তিনি বলেন, ৫১ বছরের বাংলাদেশ আজ অনেক উন্নত তাই সবার আকাঙ্ক্ষা অনেক বেশি এ দেশকে নিয়ে। বঙ্গবন্ধু আপামর বাঙালি জাতিকে তৎকালীন বাংলাদেশ সম্পর্কে অবগত করতে ও যুদ্ধের ডাক দিয়েছিলেন যখন তখন বঙ্গবন্ধু বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তবে বর্তমানে বঙ্গবন্ধু জীবিত থাকলে প্রত্যেক মস্তিষ্ককে এক একটি জ্ঞানের দুর্গ গড়ে তোলার আহ্বান করতেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসে প্রতিটি মানুষের মস্তিষ্কে স্বাধীনতা তৈরি করা অতি জরুরী। যদি সবাই নিজ নিজ মস্তিষ্ককে স্বাধীন করতে পারেন তবেই এদেশের উন্নতি সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জি এম মজিবুর রহমান ও রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ।
অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ।
আয়োজক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম এ মান্নান খান।


