ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আইনি জটিলতায় পড়েছেন। পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, পাশাপাশি হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় তার ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
আদালত সূত্র জানায়, মামলাটিতে আসামিদের হাজির হওয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল। তবে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পরবর্তী তারিখ ধরা হয়েছে ১৮ ডিসেম্বর।
মামলার অভিযোগে যা বলা হয়েছে
বাদীর সঙ্গে দীর্ঘ পরিচয় থাকার সুযোগে অভিনেত্রী মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দেন। নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়।
বাদী ব্যবসায় কোনো উদ্যোগ না দেখে বারবার টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই তাকে ১৬ মার্চ হাতিরঝিলের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন—
“এরপর আমাদের বাসায় টাকা চাইতে আসবি না। বাসার সামনে দেখলে জানে মেরে ফেলব।”
জীবননাশের এই হুমকি পাওয়ার পর বাদী থানায় গেলে পুলিশ তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
পরে আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার পর বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


