ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৮ নভেম্বর ২০২৫ সালে তিনি সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে দাপ্তরিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যে জেলাবাসীর কাছে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে পরিচিতি অর্জন করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর নিজ কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফুলের শুভেচ্ছায় সিক্ত হন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তাঁর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
২৭তম বিসিএসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে যোগদানের আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের নভেম্বরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার নয়টি উপজেলার সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার মাধ্যমে তিনি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রেখেছেন।
বিশেষ করে জেলা প্রশাসকের গণশুনানিতে তাঁর মানবিক ভূমিকা সাধারণ মানুষের নজর কেড়েছে। সেখানে সেবা নিতে আসা মানুষের আবেদনপত্রের আড়ালে থাকে অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য মায়ের আকুতি, দৃষ্টিশক্তি হারাতে বসা বাবার অসহায়ত্ব, পা হারানো মানুষের জীবিকার সংকট কিংবা পড়াশোনা চালিয়ে যেতে চাওয়া শিক্ষার্থীর স্বপ্ন। এসব সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করেন তিনি।
দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও প্রশংসিত হয়েছে। সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী কর্মকর্তা হিসেবে তাঁর কর্মদক্ষতা এবং সময়ানুবর্তিতা নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে জেলার বিভিন্ন মহলে।
জেলাবাসীর প্রত্যাশা, জনবান্ধব ও মানবিক প্রশাসনিক কার্যক্রমের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব, সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।



