ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় একটি ইউক্যালিপটাস বাগানের ভিতর থেকে নিখোঁজের ৯ ঘন্টা পর মনসুর আলী (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মুনসুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদের আলীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি তাকে গল্প করার জন্য ডেকে নিয়ে গেলে সে আর বাড়ি ফিরে আসেনি। সারা রাত খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। সকালে স্থানীয় কৃষকেরা জমিতে ধান উঠাতে এসে নিহতের বাড়ি থেকে আনুমানিক ৪শ’ গজ দূরের মাঠের মধ্যে জনৈক ইন্তাজ আলীর ইউক্যালিপটাস বাগানে তার মরদেহ দেখতে পেয়ে নিহত মুনছুরের বাড়িতে ও থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে মুনসুর আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


