ধূমকেতু প্রতিবেদক,লালপুর : নাটোরের লালপুরে কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা বিদ্যুতের ট্রান্সফরমার চুরি। ট্রান্সফরমার চুরি ঠেকাতে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয়রা বিদ্যুৎ ট্রান্সফরমারের গায়ে বিভিন্ন দোয়া লিখে রাখা, বিদ্যুতের খুঁটিতে ওঠার ফুটা বন্ধ করা,খুটির গায়ে কাঁটা ওয়ালা গ্রীল লাগানো সহ নানা পদক্ষেপ নেয়া হলেও একের পর এক ট্রান্সফরমার চুরি অব্যাহত রয়েছে।
সম্প্রতি উপজেলায় ট্রান্সফরমার চুরির যেন হিড়িক পড়ে গেছে। বিগত ছয় মাসে অন্তত ডজন খানেক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।বিষয়টি স্বীকার করে চুরি ঠৈকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নাটোর পল্লী বিদ্যুৎ সিমিতি-২ লালপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।
উপজেলার কদিমচিলান,বিলশলিয়, কচুয়া,রামানন্দপুর সহ বিভিন্ন গ্রামে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোঃ শফিউল্লাহ জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় গবরপুর মৌজায় সেচ প্রকল্পে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাতে আমার ওই নলকূপ হাউজ সংলগ্ন বিদ্যুতের খুঁটির তিনটি ট্রান্সফারের মধ্যে দুটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি আরো জানান চুরি ঠেকাতে ওইসব ট্রান্সফরমারের গায়ে বিভিন্ন দোয়া লিখে রাখাছিল,যাতেকরে চোরদের মনে আল্লাহ ভীতি হয় এবং চুরি না করে। কিন্তু কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। এছাড়াও বিদ্যুতের খুঁটিতে লোহার তৈরি কাঁটা এবং খুঁটিতে ওঠতে যেসব ফুটা ব্যবহার হয় সেগুলো বন্ধ করে দিয়েছি। তবুও শেষ রক্ষা হলো না। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কচুয়া গ্রামের আবেদ আলী জানান, আমাদের গ্রামেও ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ম্যানেজার রেজাউল করিম ব্যাপারী জানান ট্রান্সফর্মার চুরির ঘটনা এখন আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চুরি ঠেকাতে মাইকিং সহ জনসচেতনতা তৈরির জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। চুরি ঠেকাতে এলাকা ভিত্তিক রাতে পাহারা বসিয়ে সংশ্লিষ্টদের আরো সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি।
লালপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা অপরাধী ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড় জানান চুরির বিষয়ে আমরা অবগত। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


