ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : ‘শিক্ষক বসে থাকবে নিচে আর ছাত্র বসবে বড় চেয়ারে এটা হতে পারে না।’ আমি আপনাদের ছেড়ে এখানে বসে থেকে ইতস্তত বোধ করছিলাম। কারণ শিক্ষকদের স্থান হবে সবার উপরে। আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি। শহীদ জিয়া কখনও বাহিরে ব্যাংক ব্যালেন্স ও সম্পদ করেননি। আর শহীদ জিয়ার আদর্শই হওয়া উচিৎ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আদর্শ। শিক্ষকের নিজস্ব মতামত থাকতেই পারে, তবে সেটা অন্য কোনো দল করতে দেননি। তারা শিক্ষককে রাজনীতি করতে বাধ্য করতো।
আর শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্য ও আদর্শই শিক্ষকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার দিয়েছেন। আর এটাই জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ। আমি শিক্ষার জন্য, শিক্ষকদের জন্য কোনো কার্পণ্য করিনা। আমার নেতা তারেক রহমান বলেছেন শিক্ষকদের জন্য সর্ব্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
তিনি আরো বলেন, একজন বিসিএস ক্যাডার যদি ৮ম শ্রেণি পাস একজন এমপিকে স্যার বলেন, সরকারি কর্মকর্তার একজন ড্রাইভারের বেতন ৩০ হাজার টাকা আর শিক্ষকের বেতন ১৮ হাজার টাকা হয় তাহলে সেই জাতি কিভাবে উন্নতি করবে? তাই তারেক রহমান বলেছেন শিক্ষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে।
আমি এমপি নির্বাচিত হলে কি করবো বলতে পারবো না, তবে আমি এতটুকু করতে পারবো শিক্ষকদের কেউ উৎপাত করতে পারবে না। কেউ বিরক্ত করতে পারবে না। অবসরে যাওয়া শিক্ষকের জন্য যেন একটা ফান্ড খোলা যায়, সেই ব্যবস্থাও করা হবে। সেই সাথে গরীব ও অসহায় শিক্ষার্থীরা যেন বিনামূল্যে আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তার বিনিময়ে আপনাদের একটা পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে।
আগামীতে আপনাদের দ্বারা গঠন হবে সত্যের সমাজ, ন্যায়ের সমাজ। তবে শিক্ষকদের কোনো ভাবেই দলীয় শিক্ষক হওয়া যাবে না। কারো তাবিদারী করা যাবে। শিক্ষকদের চিন্তা হবে শুধু ছাত্রদের নিয়ে, শিক্ষাদান নিয়ে। আপনি দলীয় কথা বললে দলের পদবী নিয়ে কথা বলেন, দলীয় পদবী না থাকলে আপনি দলের কথা বলবেন না। কারণ আপনি শিক্ষক।
শিক্ষক সমাবেশে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনায়েতপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এনামুল হক, চাঁন্দাশ কলেজের সহকারি অধ্যাপক মো. খাইরুল ইসলাম, মাতাজিহাট টিবিএম কলেজের প্রভাষক মো. আ. রউফ, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বারিকুর রহমান, উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন, জাহাঙ্গীরপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সুপার মো. আজিজার রহমান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক উম্মে সাইফন হুসনেআরা, কালুশহর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকীয়া খাতুন প্রমূখ।
শিক্ষক সমাবেশে উপজেলার এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।


