ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতী” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় একটি র্যালী উপজেলা পরিষদের ভবন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভা শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এছাড়াও কুষ্টিয়া জেলার প্রতিটা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হয়েছে।


