ধূমকেতু প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভূমি অফিসে নামজারি কার্যক্রমে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। আবেদন করার আট মাস পেরিয়ে গেলেও এখনো অনেক জমির মালিক তাদের জমির নামজারি পাননি। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক শ্রেণি, চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি মালিকরা জানান, নামজারি আবেদন করার পর নিয়মিত অফিসে ঘুরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। অনেক সময় ফাইল হারিয়ে যায়, আবার কখনো অজানা কারণে ফাইল ঝুলে থাকে।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, “আমি গত মে মাসে আমার জমির নামজারির জন্য আবেদন করেছি। শুরুতে বলা হয়েছিল, এক মাসের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু এখন ডিসেম্বর মাস চলছে, আট মাস কেটে গেলেও এখনো কিছু হয়নি। প্রতিবার অফিসে গেলে বলা হয়, ‘ফাইল প্রক্রিয়াধীন আছে’।’’
এমন অভিজ্ঞতা শুধু গোলাম মোস্তফার নয়, উপজেলার প্রায় সব ইউনিয়নের বহু মানুষ একই সমস্যায় পড়েছেন। কেউ নতুন জমি কিনে মালিকানা নিশ্চিত করতে পারছেন না, আবার কেউ উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির মালিকানা প্রমাণে বাধার মুখে পড়ছেন। ফলে জমি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন আইনি প্রক্রিয়াও আটকে আছে।
স্থানীয়দের অভিযোগ, নামজারি সহকারী নিজের ইচ্ছের বাইরে ফাইল উপস্থাপন করেন না, যেগুলো ফাইলে বেশি টাকা দেয় সেগুলো নামজারি ৭ দিনেই অনুমোদন হয়, আর টাকা না দিলে শুনানির তারিখও পরেনা।
বিশেষজ্ঞরা বলছেন, “ভূমি অফিস জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। এখানে স্বচ্ছতা ও গতি ফিরলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।”
এ বিষয়ে তাড়াশ উপজেলা ভূমি কর্মকর্তা (অ,চ,দা) নুসরাত জাহান বলেন, “দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে সমস্যা হচ্ছে। অনেক নামজারি ফাইল যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলেও অনুমোদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে আমরা এই সমস্যা সমাধান করার জন্য প্রতিনিয়ত কাজ করছি, তবে ৭ দিন বা তার কমে নামজারী অনুমোদন হওয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।”


