ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় চাঞ্চল্যকর ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত মো. রিফাত হোসেন (২০) কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বদলগাছী থানার এসআই অসিত কুমার পাল তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রিফাত হোসেন(২০) উপজেলার আধাইপুর ইউনিয়নের পাত্ররাবাড়ি গ্রামের লুৎফর রহমান বাবুর ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের ব্যাশপুর রাস্তার জিয়াশিমুলিয়া নামক স্থানে রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মিঠু হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠু আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর (উত্তর পাড়া) গ্রামের আফজাল হোসেনের ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত রিফাত ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে ১৩ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মামলার তদন্তকারী এসআই অসিত কুমার পাল সহ পুলিশের একটি দল। ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে আশুলিয়া থানাধীন কুড়গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত পুলিশকে জানান, ঘটনার দিন রাতে তিনি মিঠুর ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিলেন। পূর্ব শত্রুতার জেরে পথে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। পরে তিনি বদলগাছী থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, পুলিশ সুপারের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


