ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের নাম উমামা বেগম কনক। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
|আরো খবর
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত উমামা রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএসের ৭৪৩ নম্বর বাড়ির ৩ ডি নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার বাবার বাড়ি নরসিংদী জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে স্বামী ওমর ফারুক তার স্ত্রী কনককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আকলিমা বলেন, অভিযুক্ত ওমর ফারুককে আটক করা হয়েছে। নিহত কনকের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রয়েছে।


