ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাসের মধ্যেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ঈদ পুনর্মিলনী করেছে বদলগাছী উপজেলা বিএনপি। উপজেলার আটটি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী এ পুনর্মিলনীতে যোগ দেন। এই অনুষ্ঠানে বিএনপিপন্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিত থাকতে দেখা গেছে। অন্যদিকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার জনসাধারন।
অনুষ্ঠানে যোগদান করা নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল বদলগাছী চৌরাস্তার পাশে একটি বহুতল ভবন নির্মাণ করেছে। ভবনটি উদ্বোধন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।
করোনার প্রভাবে কঠোর লকডাউনের কারণে যেখানে ঈদগাহ মাঠে নামাজ আদায়, বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির এতবড় পুর্মিলনী কীভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারন জনগণের মধ্যে।
নাম প্রকাশে কিছু অনিচ্ছুক ব্যক্তি আক্ষেপ করে বলেন, করোনার হাত থেকে দেশের মানুষের জীবন রক্ষার্থে যেখানে বর্তমান প্রধানমন্ত্রী সারাদেশে লকডাউন ঘোষনা করেছে এবং সেটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসনকে। কিন্তু সেখানে সরকারের বিধি নিষেধ অমন্য করে রমজান মাসে উপজেলার ৭টি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসারের অংশগ্রহণে শত শত লোক জামায়েত করে চলেছে ইফতার মাহফিল। এবং আজ আবার বিএনপির এই ঈদ পুনর্মিলনী। হায়রে লকডাউন কে করবে এর বাস্তবায়ন।
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঈদ পুনর্মিলনী না, শুনেছি নতুন বাড়ি উদ্বোধন করা হয়েছে। এজন্য দুই চারজনকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। তবে কোনো সমাবেশ হচ্ছে না।
জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বিএনপির কেউ অনুমতি নেননি। এলাকার লোকজনের অভিযোগ এই লকডাউনের মধ্যে আপনার অংশ গ্রহণে রমজান মাসে ৭টি ইউনিয়ন পরিষদে লোক জামায়েত করে চলেছে ইফতার মাহফিল বলে প্রশ্ন করলে তিনি বিষয়টি এরিয়ে যান।


