ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা করার ঘটনার জড়িতদের গ্রেপ্তরের দাবিতে নওগাঁর বদলগাছী উপজেলার সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
রোববার সকাল সাড়ে দশটায় বদলগাছী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। বদলগাছী সাংবাদিকবৃন্দের ব্যানারে অনুৃষ্ঠিত মানববন্ধন থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুৃষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে দেন, জ্যেষ্ঠ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, এমদাদুল হক দুলু, সানজাদ রয়েল সাগর, সহিদুল ইসলাম দবির, হাফিজার রহমান, রবিউল ইসলাম রুবেল, আবু জার গিফারি, খালিদ হোসেন মিলু, শাকিল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে প্রথম আলোয় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। একারণে তাঁকে পরিকল্পিতভাবে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আটকের রেখে হেনস্তা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


