ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বসুরহাট-পেশকারহাট সড়কের জামাইয়ের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরকাঁকরা ৬ নং ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে গাজী আশকার (১০) এবং একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। দুজনেই স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, সকাল ৭টায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মাদ্রাসাছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান আহত হন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে বলে জানা গেছে।


