ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ।
শনিবার (২৬ জুন) রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উপজেলার তিন হাজার ৩১৩ জন নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ২৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮৪ জন এবং করোনায় মৃত্যু হয়েছে দুই জনের।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার জানান, করোনা সংক্রমণ রোধে প্রতিটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে, সরকারী বিধি নিষেধ উপেক্ষাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।


