ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) গেল রাত দশটার দিকে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তা বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, এদিন রাতে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।
সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশটি বিকৃত হয়ে গেছে। প্রথমিকভাবে কোনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


